
মাহিন আহমেদ
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় আগুনে দগ্ধ হয়ে দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (সকাল ৮টার দিকে) উপজেলার বরাচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সকালে পরিবারের সদস্যরা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় অসাবধানতাবশত শিশুটি আগুনের সংস্পর্শে এসে গুরুতর দগ্ধ হয়। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ভাষ্য, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এ মর্মান্তিক ঘটনায় নিহত শিশুর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরাও ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তাদের মতে, দুর্ঘটনাটি এতটাই আকস্মিক ছিল যে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হলেও শিশুটিকে আর বাঁচানো সম্ভব হয়নি।
এদিকে,ঘটনাকে কেন্দ্র করে প্রয়োজনীয় আইনগত ও অন্যান্য আনুষ্ঠানিক কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।