
মোঃ আবদুল মোতালেব
নোয়াখালী জেলা প্রতিনিধি :–
নোয়াখালীর সেনবাগে সরকারি হাসপাতালে ব্যাপক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে, যার ফলে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিরে এসেছে স্বস্তিদায়ক ও স্বাস্থ্যসম্মত পরিবেশ। শনিবার (১১ এপ্রিল) সকালে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
মাননীয় সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের নির্দেশনায় সেনবাগ পৌর বিএনপি এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার উল্যাহ আজাদের উদ্যোগে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। উপস্থিত ছিলেন সি এইচসিপি এর আব্দুল্লাহ আল মামুন স্বাস্থ্য সহকারী জামাল উদ্দিন ও রহিম উদ্দিন সুমন উপস্হিত ছিলেন। এ কর্মসূচির আওতায় হাসপাতালের ক্যাম্পাস, আশপাশের এলাকা, পুরুষ ওয়ার্ড, মহিলা ওয়ার্ড এবং শিশু ওয়ার্ডসহ বিভিন্ন স্থানে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করা হয়।
এ উদ্যোগের ফলে হাসপাতাল প্রাঙ্গণ এখন অনেকটাই ময়লা-আবর্জনামুক্ত ও দূষণহীন পরিবেশে পরিণত হয়েছে, যা রোগী ও সেবাগ্রহীতাদের জন্য স্বস্তি বয়ে আনবে।
উদ্যোক্তারা জানান, এখন থেকে প্রতি শনিবার সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিতভাবে এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হবে। এ জন্য স্থানীয় এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।
এছাড়াও সকলকে হাসপাতালের পরিবেশ সুন্দর রাখতে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে এবং রোগী ও স্বজনদের ডাক্তার-নার্সদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করার অনুরোধ করা হয়েছে।
সেনবাগবাসীর সম্মিলিত প্রচেষ্টায় হাসপাতালের সেবার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।