
হুমায়ুন কবির বিশেষ প্রতিনিধি
৯ জুন, ২০২৬
বাংলাদেশের সীমান্তে ভারতের ‘পুশ-ইন’ ও সীমান্ত হত্যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটি। আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে এ উদ্বেগ প্রকাশ করা হয়।
লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির বিষয়টিও
গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।
বৈঠকে যেসব দাবি উত্থাপন করা হয়:-
১/ অবিলম্বে সীমান্তে পুশ-ইন’ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
২/ সীমান্তে নিরাপত্তা জোরদার করতে হবে।
৩/ নতজানু পররাষ্ট্রনীতি পরিহার করে সমমর্যাদার ভিত্তিতে স্বাধীন ও সার্বভৌম দেশের উপযোগী পররাষ্ট্রনীতি অনুসরণ করতে হবে।
৪/ দ্বিপাক্ষিক স্বার্থ সংরক্ষণ এবং বাংলাদেশের জাতীয় মর্যাদা ও স্বার্থ রক্ষার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
অংশগ্রহণকারী নেতৃবৃন্দ:-
বৈঠকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী,বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ড.মোস্তাফিজুর রহমান ইরান, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর আবদুল মাজেদ আতহারী, খেলাফত মজলিসের নায়েবে আমীর আহমাদ আলী কাসেমী,বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান ও জেনারেল সেক্রেটারি নিজামুল ইসলাম নাঈম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব বেল্লাল মিয়াজি এবং লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভবিষ্যৎ কর্মসূচি
বৈঠক শেষে জানানো হয়, সীমান্তে চলমান সংকট ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে গৃহীত কর্মসূচি ঘোষণা করতে আগামীকাল ১০ জুন দুপুর ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।