
কামরুল০১৮৮৩০৮৮০৮৪
চট্টগ্রামের বাঁশখালীতে বনভূমির জায়গা দখলমুক্ত করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে দখলদারদের হামলার শিকার হয়েছেন বন বিভাগ ও পুলিশের সদস্যরা। এ ঘটনায় ৫ জন বন কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টায় বাঁশখালী ইকোপার্কের জঙ্গল শীলকূপ মৌজার ৯ নম্বর ওয়ার্ডের করলাশীয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন-ওয়াইল্ডলাইফ স্কাউট তোফাজ্জল হোসেন (৪৫), জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট অঞ্জন দে (৩৫), সুভাষ চন্দ্র লস্কর (৪২), পাহারাদার দেলোয়ার হোসেন (৪৫), শামসুল আলম (৪৫) ও এক পুলিশ সদস্য। আহতদের উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, বাঁশখালী ইকোপার্ক সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চল ও সরকারি জমি দখল করে একটি প্রভাবশালী মহল অবৈধভাবে পাকা ও আধাপাকা স্থাপনা নির্মাণ করে। খবর পেয়ে মঙ্গলবার সকালে বন বিভাগ ও থানা পুলিশের একটি যৌথ দল অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযানে যায়।
আহত বনকর্মীরা জানান, অভিযান চলাকালে দখলদার লেয়াকত আলীর নেতৃত্বে একদল লোক লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বনকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীর গুরুতর আহত হয়
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক পরমা চৌধুরী বলেন, দুপুরের দিকে বন বিভাগের আহত চারজন কর্মীকে চিকিৎসা দেয়া হয়েছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে মামলা করা হবে।