
মো লুৎফুর রহমান রাকিব
আন্তর্জাতিক প্রতিনিধি
ইউএইয়ের গণমাধ্যম অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। দেশটির সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ, ‘আল ফজর’ পত্রিকার প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক ওবাইদ হুমাইদ আল মাজরুই আজ সকালে মারা গেছেন।
১৯৩৫ সালে আজমানে জন্ম নেওয়া আল মাজরুই পাঁচ দশকেরও বেশি সময় সাংবাদিকতা, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখেন। ১৯৭৪ সালে ‘আল ফজর’ প্রকাশের লাইসেন্স পান এবং ১৭ মার্চ ১৯৭৫ সালে পত্রিকাটির প্রথম সংখ্যা প্রকাশিত হয়। ১৯৭৮ সালে এটি দৈনিক পত্রিকায় রূপ নেয়।
সাংবাদিকতার পাশাপাশি তিনি ছিলেন কবি ও লেখক। ইউএইয়ের সাহিত্য, কবিতা ও ঐতিহ্যচর্চায়ও তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
তাঁর মৃত্যুতে ইউএইয়ের সাংবাদিকতা ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোক নেমে এসেছে। তাঁর দীর্ঘ কর্মজীবন ও অবদান দেশের গণমাধ্যমের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।